লিডিং ইউনিভার্সিটিতে আব্দুল হাই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৬, ৯:০৫:১৯ অপরাহ্ন

লিডিং ইউনিভার্সিটির ভৌত অবকাঠামো সম্প্রসারণে নতুন সংযোজন হিসেবে আব্দুল হাই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলী এ ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
এ সময় রাগীব আলী বলেন, আব্দুল হাই ভবন নির্মাণ লিডিং ইউনিভার্সিটির অগ্রগতির বহিঃপ্রকাশ। আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। নতুন ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষা-সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও আরও গতিশীল হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষতা অর্জন ও আধুনিক শিক্ষার পরিবেশ তৈরির দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ এই ভবন।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুল হাইয়ের উপস্থিতিতে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, সৈয়দ আব্দুল হাই ভবন নির্মাণ লিডিং ইউনিভার্সিটির একাডেমিক ও প্রশাসনিক অবকাঠামো সম্প্রসারণে গুরুত্বপূর্ণ সংযোজন। এ ভবন নির্মাণের মধ্য দিয়ে উপমহাদেশের প্রখ্যাত দানবীর ড. সৈয়দ রাগীব আলীর উচ্চশিক্ষার প্রসার, দক্ষ মানবসম্পদ তৈরি এবং দেশ ও সমাজের উন্নয়নে অবদান রাখার প্রত্যয় আরও সুস্পষ্ট হয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ কবির আহমেদ, প্রক্টর মো. মাহবুবুর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফজলে এলাহী মামুন। বিজ্ঞপ্তি




