দোয়ারা উপজেলা জামায়াত আমীর দেলোয়ার, সেক্রেটারি হারিছ
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৬, ৯:১০:০৭ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের আমির নির্বাচিত হয়েছেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন। সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ডা. হারিছ উদ্দিন। শনিবার উপজেলা জামায়াতের কার্যালয়ে রুকনদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন-পরবর্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মু. আব্দুল্লাহ। তিনি নবনির্বাচিত উপজেলা আমিরকে শপথবাক্য পাঠ করান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার এবং জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ও সদ্য সাবেক উপজেলা আমীর ডা. হারুনুর রশিদ।
আমীরের শপথ গ্রহণ শেষে ২০২৭-২৮ সেশনের জন্য উপজেলা নায়েবে আমীর, সহকারী সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্য নির্বাচন করা হয়।
এতে নায়েবে আমীর নির্বাচিত হয়েছেন মোহাম্মদ কামাল উদ্দিন। সহকারী সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মাওলানা সিদ্দিকুল ইসলাম ও ডা. আব্দুল হান্নান। কর্মপরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন খলিলুর রহমান, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা সিরাজুল ইসলাম ও মাওলানা সাইফুল ইসলাম।




