সিলেটে হামে ফের আরেক শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৬, ৮:৪৭:৪৪ অপরাহ্ন
নতুন ভর্তি ১৫৭

স্টাফ রিপোর্টার : সিলেটে হামে একদিন মৃত্যুহীন থাকার পর ফের শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘন্টায় সিলেটে এক শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন কেউ শনাক্ত না হলেও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ১৫৭ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৩৯ জন।
রোববার (২২ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘন্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণকারী ২ মাস বয়সী সুয়াইবা আক্তার সিলেট সদর উপজেলার বাসিন্দা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৮২৫ জনে দাঁড়িয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৫৬, হবিগঞ্জে ২৭৬, মৌলভীবাজারে ১৭২ এবং সুনামগঞ্জে ৯২১ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৫৭ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৩, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪২, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪, পার্কভিউ মেডিকেলে ৯, নর্থ ইস্ট মেডিকেলে ৫, মাউন্ট এডোরা হাসপাতালে ৫, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৮ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন হাম রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ৫৩৯ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০৩, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৫, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪২, পার্কভিউ মেডিকেলে ২৫, নর্থ ইস্ট মেডিকেলে ১৬, মাউন্ট এডোরা হাসপাতালে ১২, ওয়েসিস হসপিটালে ১, সিলেট জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৩ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬৫, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২০ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ২২৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৯৪, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ১৬ এবং সুনামগঞ্জে ৭৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ৯৮, হবিগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ১৭ এবং সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যু হয়েছে।
আগের ২৪ ঘন্টায় সিলেটে হামে কারো মৃত্যু ও কেউ নতুন শনাক্ত না হলেও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন ১০১ জন।





