কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা মঙ্গলবার
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৬, ৯:০৮:৩৮ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে আগামীকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসব রাসপূর্ণিমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর উপজেলার মাধবপুরে ১৮৪তম মহারাস উৎসব এবং আদমপুরে ৪১তম রাসপূর্ণিমা উৎসব উদযাপিত হবে। উৎসবকে ঘিরে মণিপুরি অধ্যুষিত গ্রামগুলোতে এখন বিরাজ করছে উৎসবের আমেজ। মৃদঙ্গের গম্ভীর ধ্বনি, মন্দিরার রিনিঝিনি আর শিল্পীদের নুপুরের শব্দে মুখর হয়ে উঠেছে মণিপুরি পল্লি।
এক রাতের এই উৎসবকে কেন্দ্র করে মণিপুরি সম্প্রদায়ের সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্মীয় আবেগের এক অনন্য মিলনমেলা বসে। রাস উৎসব উপলক্ষে মাধবপুর ও আদমপুরের মণিপুরি পাড়াগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। সাজানো হচ্ছে মণ্ডপগুলো। পাশাপাশি মাধবপুর ও আদমপুরে বসবে বিশাল মেলা।
আয়োজকদের আশা, প্রতি বছরের মতো এবারও মহারাসলীলা উপভোগ করতে দেশ-বিদেশ থেকে হাজারো দর্শনার্থী ও পর্যটকের সমাগম ঘটবে।
মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদমুরারী সিংহ জানান, এবার দুই দিনব্যাপী আয়োজন করা হয়েছে মহোৎসবের। ২৩ নভেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় উৎসবের উদ্বোধন করবেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। এ সময় রাসের স্মারকগ্রন্থ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরদিন ২৪ নভেম্বর সকাল থেকে শুরু হবে মূল উৎসব।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার জানান, রাস উৎসবে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করা হবে।




