নগরে ৪ নিষিদ্ধ লীগ নেতা-কর্মী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৬, ৮:৪১:২০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার দিবাগত রাত পর্যন্ত নগরীর সাগরদিঘীরপাড়, আখালিয়া ও সোনাতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিলেট মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার যুগিমারা গ্রামের দিলীপ সরকারের পুত্র দীপ্ত সরকার (২৭), নগরীর কুয়ারপার (ইঙ্গুলাল রোড) এলাকার মৃত মহরম খানের পুত্র মো. শাকিল ওরফে পিচ্চি শাকিল (৩৫), সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য সুনামগঞ্জ জেলার ছাতক থানার তালুকদারপাড়া হাতধলানী (চেচান বাজার) এলাকার মৃত তালুকদার মোহাম্মদ আনিস আলীর পুত্র তালুকদার মোহাম্মদ আব্দুস সোবহান (৫৭) ও এসএমপির জালালাবাদ থানার সোনাতলা গ্রামের আফতাবুল হকের পুত্র হাফিজুর রহমান সাহান (২৪)। আটককৃতরা সকলেই বর্তমানে নগরীর বিভিন্ন এলাকায় বসবাস করছেন এবং সকলে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ।
এসএমপি মিডিয়া সেল সূত্র জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সাগরদিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে দীপ্ত সরকার ও শাকিলকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ। তাঁরা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার সন্দিগ্ধ আসামি। তাঁদের মধ্যে দীপ্তের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা রয়েছে। শাকিলের বিরুদ্ধে কোতোয়ালি, এয়ারপোর্ট ও গোলাপগঞ্জ থানায় দণ্ডবিধি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট আটটি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে কোতোয়ালি থানার পাঁচটি মামলায় তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে আখালিয়া এলাকা থেকে আব্দুস সোবহানকে গ্রেপ্তার করে জালালাবাদ থানা-পুলিশ। তিনি সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার সন্দিগ্ধ আসামি। গত ১ আগস্ট আলীনগর কমিউনিটি ক্লিনিকের সামনে মিছিল ও মোমবাতি প্রজ্বালন এবং তেমুখী-তেলীবাজার বাইপাস সড়কে সরকারবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলে তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
একই রাতে তিনটার দিকে সোনাতলা এলাকা থেকে হাফিজুর রহমান সাহানকে গ্রেপ্তার করা হয়। তিনি বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার সন্দিগ্ধ আসামি। ২০২৪ সালের ৫ আগস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুলচত্বরে অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে নিরস্ত্র ছাত্র-জনতাকে আহত করার অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ঘটনায় সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তার চারজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।





