হবিগঞ্জে এসআরবির জালে ৪ অনলাইন জুয়াড়ি
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৬, ৮:৩৭:৪৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে অনলাইনে জুয়া খেলার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯)। এসময় তাঁদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করা হয়।
রোববার (২২ নভেম্বর) এসআরবি-৯ মিডিয়া সেল প্রেরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এসআরবি-৯ সূত্র জানিয়েছে, শনিবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম এলাকার প্রেসক্লাবের সামনে অভিযান চালায় এসআরবি-৯-এর একটি দল। এসময় পালানোর চেষ্টাকালে চারজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চুনারুঘাট থানার শানখলা এলাকার আব্দুল হামিদের পুত্র মো. আব্দুর রঊফ (৩৪), একই থানার ঘোড়ামি গ্রামের মো. শফিক মিয়ার পুত্র মো. আনারুল মিয়া (২৬), শায়েস্তাগঞ্জ থানার বিরামচর এলাকার মৃত আব্দুল মোনাফের পুত্র মো. মনু মিয়া (৪৯) ও একই থানার ইয়ালা মক্রমপুর এলাকার শাহাবুদ্দিনের পুত্র মো. শরিফা উদ্দিন (২১)।
এসআরবি-৯ জানায়, জিজ্ঞাসাবাদে তাঁরা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়া খেলার কথা স্বীকার করেছেন। তাঁদের মুঠোফোন পরীক্ষা করেও জুয়া খেলার আলামত পাওয়া গেছে।
রোববার (২২ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করেছেন এসআরবি-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। তাঁদেরকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।





