কর আইনজীবী সমিতির ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২৬, ৭:৫১:৩৫ অপরাহ্ন
সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ক্রীড়া শুধু শরীরকে সুস্থ রাখে না, বরং মানুষের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনও সুদৃঢ় করে। ব্যস্ত পেশাজীবী আইনজীবীদের মানসিক প্রশান্তি ও কর্মস্পৃহা ধরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই।
সোমবার দুপুরে নগরীর মেন্দিবাগে সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার হলে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও তা অব্যাহত রাখার আহ্বান জানান।
সমিতির সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা। তিনি সরকারের রাজস্ব আহরণে কর আইনজীবীদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান এবং আইনজীবীদের জন্য এমন চিত্তবিনোদনমূলক আয়োজনের প্রশংসা করেন।
অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবজল মিয়া তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী মো. নিজাম উদ্দিন খান এবং গীতা পাঠ করেন আয়কর আইনজীবী মানিক চন্দ্র দাস। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান অ্যাডভোকেট।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কর অঞ্চল সিলেটের উপ-কর কমিশনার মো. গোলাম কিবরিয়া, বাংলাদেশ ট্যাক্স ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আবুল ফজল, সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আলী খোকন, সাবেক সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল হক, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সজল কুমার রায় এবং সাবেক সহ-সভাপতি মো. সফিকুল ইসলাম অ্যাডভোকেট।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে এমপি এমরান আহমদ চৌধুরী বেলুন উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সমিতির সদস্য, আইনজীবী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





