হাকালুকি যুব সাহিত্য পরিষদের মেধাবৃত্তি প্রদান
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৬, ৮:১৫:০৫ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: হাকালুকি যুব সাহিত্য পরিষদের উদ্যোগে ‘মেধার স্বীকৃতি, সাফল্যের দ্যুতি’ শীর্ষক ক্যারিয়ার গাইডলাইন ও ৭ম মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার মৌলভীবাজারের কুলাউড়ার ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি হোসাইন আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এফরুল ইসলাম রুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা, দক্ষতা অর্জন এবং সঠিক ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
বক্তব্য রাখেন ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুয়েবুর রহমান, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক মো. জাবেদ আহমদ, রূপালী ব্যাংক কুলাউড়া শাখার ব্যবস্থাপক আনিসুর রহমান, কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এনামুল ইসলাম, কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব আমেরিকার ক্রীড়া সম্পাদক আজিজুল হক স্বপ্ন, সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম, প্রফেসর আমিনুল ইসলাম এবং ভুকশিমইল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আফজাল হোসেন সাঈদ।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ও ৭ম মেধাবৃত্তি পরীক্ষার আহ্বায়ক রাসেল উদ্দিন। এছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবক হাফিজুল ইসলাম মিলন এবং শিক্ষার্থী মাহবুবা জান্নাত ও অর্ণব দাস অর্প অনুভূতি প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা এবং সঠিক দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরেন। পরে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে বৃত্তি, সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
শেষ পর্বে হাকালুকি যুব সাহিত্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রুমেল আহমদের পরিচালনায় মাদকবিরোধী সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।





