কানাইঘাটে ইয়াবা ও নগদ টাকা জব্দ, গ্রেফতার ৩
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৬, ৯:৫৯:০৪ অপরাহ্ন

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ লাখ ১০ হাজার ৫০০ টাকা জব্দ করেছে থানা পুলিশ। একই সঙ্গে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের নারায়ণপুর এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী শফির উদ্দিনের (৫০) বসতঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘর থেকে ৩০ পিস ইয়াবা ও নগদ ৩ লাখ ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে শফির উদ্দিন কৌশলে পালিয়ে যায়। তিনি নারায়ণপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে। এ ঘটনায় কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাজাগঞ্জ ইউনিয়নের মইনা গ্রামে অভিযান চালিয়ে আব্দুর রহিমের ছেলে জামাল আহমদ (৩৮) এবং লামাপাড়া গ্রামের মৃত সামসু মিয়ার ছেলে সুরুজ আলীকে ২৬ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ।
এছাড়া ১৩ আগস্ট রাত ৯টার দিকে দিঘীরপার ইউনিয়নের পূর্ব ঠাকুরের মাটি গ্রামে অভিযান চালিয়ে শরীফ উদ্দিনের ছেলে রুবেল আহমদকে (২৬) ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
১৩ ও ১৪ আগস্টের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেফতার তিনজনসহ অজ্ঞাতনামা পলাতক আসামিদের বিরুদ্ধে পৃথক মামলা করেছে পুলিশ।
কানাইঘাট থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের পাশাপাশি মাদক ব্যবসার অর্থনৈতিক উৎস চিহ্নিত করা এবং মাদক চোরাচালান দমনে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।





