অনিবন্ধিত সিএনজি-রিকশার লাগাম টানতে এসএমপি কমিশনারের নির্দেশ
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৫:১৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরের যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত অনিবন্ধিত সিএনজিচালিত থ্রিহুইলার, ব্যাটারিচালিত রিকশা ও অন্যান্য অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সসকাল সাড়ে ৮টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের সম্মেলনকক্ষে ট্রাফিক বিভাগের কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত নির্দেশ দেন। নগরবাসীর দুর্ভোগ কমাতে এবং যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক সদস্যদের আরও সক্রিয় ও আন্তরিকভাবে দায়িত্ব পালনের তাগিদ দেন তিনি।
সভায় ট্রাফিক বিভাগের সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা পুলিশ কমিশনারের কাছে তুলে ধরেন। পরে তিনি কিছু সমস্যা তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেন এবং দ্রুত পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পুলিশ কমিশনার বলেন, নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। অনিবন্ধিত সিএনজি, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক সদস্যদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সভায় বিভিন্ন উদ্ধার কার্যক্রমে সফলতা ও দায়িত্ব পালনে অবদানের স্বীকৃতি হিসেবে ট্রাফিক বিভাগের ১৬ সদস্যকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়সহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ট্রাফিক বিভাগের টিআই, সার্জেন্ট, টিএসআই, এএসআই ও এটিএসআইসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।






