নগরে দুই প্রতিষ্ঠানে পৌণে ৩ লাখ টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:১০:৩১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : পচা ও ভাঙা ডিমে তৈরি হচ্ছে খাবার, মরিচা ধরা যন্ত্রপাতি ও ময়লাযুক্ত প্লেটে চলছে খাদ্য উৎপাদন। এমনকি আজ তৈরি করা খাবারের প্যাকেটে দেওয়া হচ্ছে দুই দিন পরের তারিখ। এসব অনিয়মের বিরুদ্ধে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিলেটের খাদিম বিসিক শিল্প এলাকা ও রায়নগরে জেলা প্রশাসনের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. পারভেজের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশ ও নিরাপদ খাদ্য অধিদপ্তর সিলেট।
খাদিম বিসিক শিল্প এলাকায় প্রাণ কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান ময়মনসিংহ এগ্রো লিমিটেডে অভিযান চালিয়ে ফুড-গ্রেড ব্রাশের পরিবর্তে পেইন্টিং ব্রাশ ব্যবহার এবং মরিচা ধরা ধাতব উপকরণ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মে জনস্বাস্থ্য ঝুঁকির আশঙ্কায় প্রতিষ্ঠানটিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে রায়নগর এলাকার নিউ মর্ডান সুরমা বেকারিতে পাওয়া যায় আরও গুরুতর অনিয়ম। বেকারির খাদ্য তৈরির যন্ত্রপাতি, প্লেটসহ বিভিন্ন সরঞ্জামে জমে ছিল ময়লা ও মরিচা। রান্না করা খাবার ও ডাস্টবিনে ছিল না কোনো ঢাকনা। ব্যবহৃত ডিমের মধ্যে পচা ও ভাঙা ডিমও পাওয়া যায়। সবচেয়ে গুরুতরভাবে, মঙ্গলবার তৈরি করা খাবারের প্যাকেটে দুই দিন পরের তারিখ উল্লেখ করার প্রমাণ মেলে। এসব অপরাধে বেকারিটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ বলেন, খাদ্য তৈরির যন্ত্রপাতি ও প্লেটে ময়লা, পচা ও ভাঙা ডিম, খাবার ও ডাস্টবিনে ঢাকনা না থাকা, ফুড-গ্রেড ব্রাশের পরিবর্তে পেইন্টিং ব্রাশ ব্যবহার এবং মেয়াদসংক্রান্ত অসঙ্গতিসহ বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। এসব কারণে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৭৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
তিনি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






