কুলাউড়ায় অটোরিকশা চার্জিং স্টেশনে বিদ্যুৎ চুরি, মিটার জব্দ-মামলা
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩২:৩২ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় অটোরিকশা চার্জিং স্টেশনে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি একটি মিটার ও ৯টি ব্যাটারি চার্জার জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিদ্যুৎ চুরির অভিযোগে ৪ লাখ ১৭ হাজার ৩৮৪ টাকা সরকারি রাজস্ব ক্ষতির মামলা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার আলালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন বিভাগের সহকারী প্রকৌশলী সুমন কুমার প্রামানিক জয়।
কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলালপুর এলাকার মো. আলমাছ পারভেজ তালুকদারের অটোরিকশা চার্জিং স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় সেখানে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি ধরা পড়ে। পরে অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করা হয় এবং ব্যবহৃত মিটার ও ৯টি ব্যাটারি চার্জার জব্দ করা হয়।
তিনি জানান, এ ঘটনায় বিদ্যুৎ আইনে মামলা করা হয়েছে। মামলায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার ও চুরির মাধ্যমে সরকারি রাজস্বের ক্ষতির পরিমাণ ৪ লাখ ১৭ হাজার ৩৮৪ টাকা উল্লেখ করা হয়েছে।
অভিযানে উপসহকারী প্রকৌশলী ফুলমিয়া, আল-আমিন ও রিপন চন্দ্র রায় এবং লাইনম্যান মো. হেলাল মিয়া অংশ নেন।






