জাফলংয়ে পরিবেশবিধ্বংসী ১০ ড্রেজারসহ বিপুল সরঞ্জাম ধ্বংস
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৮:০১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাটে জাফলং-ডাউকি ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ)-তে পরিবেশবিধ্বংসী অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১০টি ড্রেজার, ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনভর বাউড়ভাগ হাওড়, নন্দিরভাগ হাওড়, চা বাগান, ঝুমপাড় ও জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় ও জেলা কার্যালয়ের উদ্যোগে বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা ৫ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে পরিবেশের জন্য ক্ষতিকর ও অবৈধভাবে ব্যবহৃত ১০টি ড্রেজার, ৬টি এক্সকেভেটর, ৫টি জেনারেটর, ৪৪টি বারকি নৌকা, ১৩টি কনভেয়ার বেল্ট, ১৫টি শ্যালো মেশিন ও ৫টি ব্যাটারি ধ্বংস করা হয়। এ সময় আরও চারটি ব্যাটারি জব্দ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, সিলেট বিভাগের বিভিন্ন জেলায় পরিবেশবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। শব্দদূষণকারী ও অবৈধ উচ্চ শব্দযুক্ত হাইড্রোলিক হর্নের পাশাপাশি পর্যায়ক্রমে বায়ুদূষণ, পাহাড়-টিলা কর্তন, অবৈধ ইটভাটা ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধেও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফাইজুল কবির, সিনিয়র টেকনিশিয়ান আল মামুনসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।






