শায়েস্তাগঞ্জে শিক্ষা মেলায় ১৩শ প্রকল্পের প্রদর্শনী
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৩:৩৭ অপরাহ্ন

‘পড়ে শিখবো, করে শিখবো, শিখনটাকে টেকসই করবো’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি অ্যান্ড হাই স্কুলে দুই দিনব্যাপী ‘শিক্ষা মেলা’ শুরু হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। মেলা চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। মেলায় শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, ইসলামিক শিক্ষা ও সমসাময়িক বিভিন্ন সামাজিক বিষয়ের ওপর প্রায় ১৩শ প্রকল্প প্রদর্শন করা হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম। উদ্বোধনী বক্তব্যে ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবভিত্তিক ও সৃজনশীল শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করতে শিক্ষা মেলার গুরুত্ব অপরিসীম। প্রকল্পভিত্তিক শিক্ষা শিক্ষার্থীদের মুক্তচিন্তা, উদ্ভাবনী ক্ষমতা ও বাস্তব জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করে। তিনি পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখা যায়, বিজ্ঞানভিত্তিক নানা উদ্ভাবনী প্রকল্পের পাশাপাশি ২০২৪ সালের গণঅভ্যুত্থানভিত্তিক প্রকল্প, আইসিটি কর্নার ও ইসলামিক কর্নারসহ বিভিন্ন বিষয়ের নান্দনিক প্রকল্প প্রদর্শিত হচ্ছে। প্রতিটি স্টলে শিক্ষার্থীরা দর্শনার্থী ও অতিথিদের সামনে নিজেদের তৈরি প্রকল্পের কার্যকারিতা ও উদ্দেশ্য তুলে ধরছে। শিক্ষক ও অভিভাবকরাও মেলা ঘুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী কর্মকাণ্ড দেখে তাদের উৎসাহ দিচ্ছেন। বিজ্ঞপ্তি





