সিসিক ছাড়লেন আলোচিত প্রকৌশলী আলী আকবর
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৪:৫৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দুই দশকের কর্মস্থল সিলেট সিটি করপোরেশন (সিসিক) ছেড়েছেন বহুল আলোচিত-সমালোচিত ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলী আকবর। রোববার (২১ সেপ্টেম্বর) অফিস শেষ করে সেদিন রাতেই সিলেট ছাড়েন তিনি।
সোমবার এর সত্যতা নিশ্চিত করেছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি জানান, স্থানীয় সরকার বিভাগের আদেশে আলী আকবরকে বদলি করা হয়েছে। তাকে নবগঠিত বগুড়া পৌরসভার প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হতে পারে শোনা গেছে। তবে সিসিকে তার স্থলাভিষিক্ত এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এ বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবে।
সিসিক সূত্র জানায়, ২০০৭ সালে নাটোর পৌরসভার সহকারী প্রকৌশলী থেকে সিলেট সিটি করপোরেশনে যোগ দেন আলী আকবর। পরে নির্বাহী প্রকৌশলী (পূর্ত ও পানি) এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্ব পালন করেন। গত বছরের ১২ আগস্ট প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বদলি হলে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব পান তিনি।






