সিলেট সীমান্তে বিএসএফের গুলি, বাংলাদেশি আহত
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৫:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাটের নলজুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে মো. বাবলা লিটন (২৮) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে সীমান্তের ১২৭৮/৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। তার হাতে গুলি লাগে। ঘটনাটি জানাজানি হয় বুধবার দিবাগত রাতে।
মামলার এজাহার অনুযায়ী, বাবলা লিটনসহ সাত-আটজন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করেন। এসময় তারা বিএসএফকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়লে চারটি গুলি ছোড়া হয়। এতে বাবলা লিটন গুলিবিদ্ধ হন। পরে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করেও ইট-পাথর ছোড়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা পাঁচটি ফাঁকা গুলি ছোড়েন। পরে বাবলা লিটনসহ অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এঘটনায় বিজিবির কয়েকজন সদস্য সাধারণভাবে আহত হয়েছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। তবে বিজিবির দাবি, সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার পর সতর্কতামূলকভাবে চার থেকে পাঁচটি গুলি ছোড়া হয়।
এঘটনায় মঙ্গলবার রাতে ৪৮ বিজিবির তামাবিল ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ গোলাম মোস্তফা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা করেন। মামলায় বাবলা লিটনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মোড়ল বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।






