মিছিলের প্রস্তুতিকালে ৩০ ছাত্রলীগ নেতাকর্মী আটক
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:২০:২৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় দুটি হায়েস গাড়ি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মোগলাবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, মিছিলের উদ্দেশ্যে বিভিন্ন এলাকা থেকে চারটি হায়েস গাড়িতে করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মোগলাবাজার এলাকায় জড়ো হন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে দুটি গাড়ি আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুটি হায়েস দ্রুতগতিতে চলে যায়।
এর সত্যতা নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, আটক দুটি হায়েসের একটিতে চালকসহ ২০ জন এবং অপরটিতে ১০ জন ছিলেন। তাদের সঙ্গে তিনটি মোটরসাইকেলও ছিল। পুলিশ আসার খবর পেয়ে মোটরসাইকেলগুলো নিয়েও কয়েকজন পালিয়ে যান। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।






