ভূকশিমইল কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৮:০০ অপরাহ্ন

জুড়ী সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নূরুল ইসলাম।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এ সময় নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, সততা ও নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করা হয়।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন দ্বাদশ শ্রেণির ফারহানা আক্তার ইমা ও সামিয়া আক্তার এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রাফি।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উচ্চশিক্ষার নতুন যাত্রায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জ্ঞান অর্জনের পাশাপাশি সততা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ ধারণ করে নিজেদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে কলেজের নিয়ম-কানুন, শিক্ষাকার্যক্রম, উপস্থিতি, শৃঙ্খলা ও শিক্ষাজীবনের বিভিন্ন দিক সম্পর্কে নবীনদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সহশিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন শিক্ষকরা।





