গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন : ৩ জনকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৮:৩৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি লিস্টার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এসময় মোবাইল কোর্টের মাধ্যমে তিনজনকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার বালিরহাওর ও বুধিগাঁও হাওরে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত মেশিনগুলো ধ্বংস করা হয়।
অভিযানকালে স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের ক্ষতিকর দিক এবং পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় করণীয় নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ সহযোগিতা করে।
বালির হাওরে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।






