জগন্নাথপুরে মোবাইল কোর্টে ২ জনের দণ্ড
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৯:১৪ অপরাহ্ন

জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর সজিব ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
অভিযানকালে মাদক সেবনের অপরাধে দুইজনকে আটক করা হয়। পরে তাদের মধ্যে একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা অর্থদণ্ড এবং অপরজনকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় জব্দ করা গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





