জুলাই সনদ বাস্তবায়ন এ সরকারকেই করতে হবে : ডা. শফিকুর রহমান এমপি
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৫:২৫ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিরোধী দলসহ জনগণের ন্যায্য দাবি জুলাই সনদ বাস্তবায়ন এ সরকারকেই করতে হবে। বিদ্যুৎ, গ্যাস, তেলসহ বিভিন্ন সেক্টরে সরকারের অব্যবস্থাপনায় বিরোধী দল কর্তৃক সরকারকে দেয়া সহযোগিতার প্রস্তাবনা গ্রহণ না করায় জনগণ আরো দুর্ভোগের শিকার হচ্ছে।
তিনি শুক্রবার সিলেট জেলা জামায়াতে ইসলামী আয়োজিত দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীর ৩ দফা দাওয়াত ও ৪ দফা কর্মসূচী জনগণের কাছে পৌঁছে দিতে জামায়াত নেতাকর্মীদেরকে আরো বেশী কাজ করে করে যেতে হবে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহিস সালাম এর পুরো জীবনই একজন মুমিনের জন্য আদর্শ। আল্লাহর হক এবং বান্দার হক আদায় এর মাধ্যমে মুমিনের কাঙ্খিত মান অর্জন সম্ভব। তিনি বলেন, বিশ্বের আটশত কোটি মানুষের মধ্যে আমরা ভাগ্যবান, আল্লাহ আমাদের মুসলমান হিসেবে জন্ম দিয়েছেন। তাই মহান রবের দেয়া নির্দেশিত পথে সারা জীবন অতিবাহিত করতে হবে। তার সন্তুষ্টির উদ্দেশ্যে তার দেয়া দ্বীনকে প্রতিষ্ঠায় কাজ করতে হবে।
নগরীর আমান উল্লাহ কনভেনশন হলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন ও জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মাসুক আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত রুকন (সদস্য) শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাফেজ মাওলানা মিফতাহ উদ্দিন এর দারসুল কুরআন ও জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সদস্য শিক্ষা শিবিরে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াত মনোনীত সম্ভাব্য মেয়র প্রার্থী ড. নুরুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খান, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, জেলা সহকারী অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা ফয়জুল্লাহ বাহার প্রমুখ। বিজ্ঞপ্তি






