সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৮:৩৪ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষাসহায়ক বই, খাতা, কলম ও জ্যামিতি বক্স বিতরণ করেছে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠন।
শনিবার সকাল ১১টায় পৌর শহরের হুসেন বখত চত্বরে বই বিনিময় উৎসবের উদ্বোধন করা হয়। প্রায় এক হাজার বই নিয়ে স্টল বসিয়ে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা প্রয়োজনীয় বই, খাতা ও অন্যান্য শিক্ষাসামগ্রী সংগ্রহ করেন।
সংগঠনের সভাপতি ওবায়দুল হক বলেন, শহরের বিভিন্ন বাসাবাড়ি ও লাইব্রেরি থেকে প্রায় ১ হাজার ১০০টি শিক্ষাসহায়ক বই সংগ্রহ করা হয়েছে। পরে এসব বই প্রদর্শন করে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। শিক্ষার্থীরা এখান থেকে তাদের প্রয়োজনীয় বই সংগ্রহ করছেন।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু, সাংবাদিক মাসুম হেলাল, সংগঠনের উপদেষ্টা নুরুল হাসান আতাহের, সুপ্রভা রাণী কর, কুদরত পাশা, অ্যাডভোকেট মাহবুবুল হাসান শাহীন, সাংবাদিক আমিনুল হক, সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, সাধারণ সম্পাদক বাকী বিল্লাহ আখঞ্জী, সহসভাপতি রনদয় সরকার, অর্থ সম্পাদক নিপেশ সরকার, প্রচার সম্পাদক মমিনা নূরসহ সংগঠনের সদস্যরা।
উল্লেখ্য, এর আগে আরও দুইবার বই বিনিময় উৎসবের আয়োজন করেছে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠন।





