সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডাক দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৬, ৬:৩৮:৩৫ অপরাহ্ন

‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ প্রতিপাদ্য নিয়ে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডাক দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও পুরস্কার বিতরণসহ সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করে ডাক বিভাগ, সিলেট। সকাল সাড়ে ৯টায় সিলেট প্রধান ডাকঘর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন সিলেট বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল সুজিত চক্রবর্তী। র্যালিটি নগরীর বন্দরবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে সিলেট প্রধান ডাকঘরের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুজিত চক্রবর্তী। তিনি বলেন, ডাক বিভাগ অনেক দূর এগিয়েছে। এর কার্যক্রম এখন অনেক বেশি ডিজিটাল হয়েছে। চিঠি ও পার্সেল দ্রুত আদান-প্রদানের মাধ্যমে ডাক বিভাগ সুনাম অর্জন করেছে। এ অর্জন ধরে রাখার পাশাপাশি গ্রাহকসেবার মান বাড়াতে হবে। সেবার ধারাবাহিকতা বজায় রাখতে পারলে সরকারও এ বিভাগ থেকে উল্লেখযোগ্য রাজস্ব পাবে।
সিলেট প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার লিপ্টন রঞ্জন তালুকদারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বৈদেশিক ডাক, সিলেটের সহকারী পোস্টমাস্টার জেনারেল তন্ময় দে চৌধুরী, সিলেট প্রধান ডাকঘরের এপিএমজি কাম পোস্টমাস্টার (ট্রেজারি) মধুসূদন বনিক এবং ডাক জীবন বীমা সিলেটের সহকারী জেনারেল ম্যানেজার (মাঠ) মোহাম্মদ কামরুল হাসান।
সভায় স্বাগত বক্তব্য দেন সহকারী পোস্টমাস্টার মো. মজিবুর রহমান খান পাঠান। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জুনিয়র হিসাবরক্ষক আব্দুল হাই এবং গীতা পাঠ করেন পরিদর্শক (ক্যাশ-২) রুনু চক্রবর্তী। এ ছাড়া ইসলাম উদ্দিন ও পরিদর্শক আবু ছালেহ মো. আল রাজি বক্তব্য দেন।
বক্তারা বলেন, একসময় মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল চিঠি, আর চিঠি আদান-প্রদানে ডাক বিভাগের ভূমিকা ছিল অপরিসীম। ডাকবাক্স, ডাকঘর ও ডাকপিয়নের সঙ্গে মানুষের আবেগ, অনুভূতি ও স্মৃতি জড়িয়ে রয়েছে। তথ্যপ্রযুক্তির উন্নয়ন সত্ত্বেও ডাক বিভাগের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি; বরং বিভিন্ন ক্ষেত্রে এর গুরুত্ব বেড়েছে।
আলোচনা শেষে কেক কাটা হয়। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ছয় শিক্ষার্থী এবং ডাকসেবায় প্রশংসনীয় অবদানের জন্য বিভিন্ন ইউনিটের ১২ জন কর্মকর্তা-কর্মচারীকে ক্রেস্ট ও উপহার দেওয়া হয়। এদিকে, ডাক সপ্তাহ উপলক্ষে আজ শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রাঙ্গণে ‘চিঠি উৎসব’ আয়োজন করেছে ডাক বিভাগ সিলেট। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এ ছাড়া ডাক সপ্তাহ উপলক্ষে সিলেট প্রধান ডাকঘরের উদ্যোগে আরও চার দিন পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। বিজ্ঞপ্তি





