‘কিশোরতারা’ ও সফল মানুষের গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০২৬, ৭:০৬:৫১ অপরাহ্ন
সিলেটে সৃজনশীল শিশুকিশোর পত্রিকা ‘কিশোরতারা’র করামত আলী সংখ্যার এবং লেখক ইউনুছ আলীর ‘আমার দেখা কয়েকজন সফল মানুষের গল্প’ গ্রন্থের তৃতীয় খণ্ডের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে আয়োজিত অনুষ্ঠানে প্রকাশনা দুটির মোড়ক উন্মোচন করা হয়।
কলামিস্ট বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতিমোহন বিশ্বাস, ‘বিশ্ববাংলা’র সম্পাদক কবি মুহিত চৌধুরী, সাহিত্য সমালোচক কবি বাছিত ইবনে হাবীব ও প্রধান শিক্ষক জামাল উদ্দিন লস্কর।
স্বাগত বক্তব্য দেন ‘কিশোরতারা’র সম্পাদক ও ‘আমার দেখা কয়েকজন সফল মানুষের গল্প’ গ্রন্থের লেখক ছড়াকার ও প্রাবন্ধিক ইউনুছ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকাশনা সংস্থা পাপড়ির স্বত্বাধিকারী, ছড়াকার কামরুল আলম। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ছড়াকার জহুর মুনিম।
প্রধান অতিথির বক্তব্যে কবি কালাম আজাদ বলেন, কবি করামত আলী অসাধারণ রসবোধ ও স্বতন্ত্র ব্যক্তিত্বের অধিকারী সাহিত্যসাধক ছিলেন। তাঁর সাহিত্যপ্রতিভা, কর্ম ও ব্যক্তিত্ব তাঁকে মানুষের স্মৃতিতে অমর করে রেখেছে। ‘কিশোরতারা’র বিশেষ সংখ্যা প্রকাশের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তাঁর জীবন ও সাহিত্যকর্ম তুলে ধরার উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের প্রকাশনা গুণীজনদের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি শিশুকিশোরদের সাহিত্য ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করবে।
বক্তারা বলেন, ‘আমার দেখা কয়েকজন সফল মানুষের গল্প’ গ্রন্থের তৃতীয় খণ্ডে বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের জীবন, কর্ম ও অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। এ ধরনের বই পাঠকদের সাফল্যের পেছনের সংগ্রাম, অধ্যবসায় ও জীবনবোধ সম্পর্কে জানতে সহায়তা করে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে অনুকরণীয় ব্যক্তিদের জীবনকথা তুলে ধরে ইতিবাচক প্রেরণা জোগাতে পারে এসব প্রকাশনা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কবি করামত আলীর দ্বিতীয় পুত্র বদরুল আলম, অ্যাডভোকেট আবু ছালেহ চৌধুরী, শিল্পী সানাউল ইসলাম সুয়েজ, অ্যাডভোকেট শামছ উদ্দিন, লেখক বশির আহমদ, শিশুসাহিত্যিক মিনহাজ ফয়সল, কবি মিলন কান্তি দাস, পাঁচু মোহন বিশ্বাস, কবি এস এম ফাহিম, শিক্ষক মো. মাসুক আহমদ, সিতাংশু বিশ্বাস, আলাউদ্দিন আহমেদ, মাজহারুল ইসলাম জয়নাল, কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি শাহনূর আলম মাহির ও শিব্বির আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি






