হাম ও ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৬, ৮:০৬:৫৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: দেশে হামের উপসর্গ ও ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৬৬ জন। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২১৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের (২৬ অক্টোবর) পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৯ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৩ জনে।
গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩৮৮ জন। এ ছাড়া ৭৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯০ হাজার ৩৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দেশে ২ লাখ ২২ হাজার ৫৫২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৪৭৮ জনের।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৯ জনে। এর মধ্যে অক্টোবরেই মারা গেছেন ১৪৪ জন। এর আগে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মারা যান দুজন করে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২১৮ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ১৬৬ জনে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৯৯৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৩৯৩ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৯৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া রাজশাহীতে ২৪৬, চট্টগ্রামে ২৪০, বরিশালে ২৩২, ময়মনসিংহে ১২১, রংপুরে ১১৩, খুলনায় ২৮৪ এবং সিলেট বিভাগে ৪১ জন ভর্তি হয়েছেন।






