কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে অনিয়মের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৬, ৮:১১:৩৬ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে পাতাকুঁড়ি ক্ষুদ্রঋণ সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব দেওয়া, গালিগালাজ ও হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. শিমুল মিয়া নামে এক ব্যক্তি কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তাঁর দাবি, সংস্থাটির কাছে তাঁর মায়ের সঞ্চয়ের হিসাবে পরিবারের ২২ হাজার টাকা পাওনা রয়েছে। ওই টাকা ফেরত চাইতে গিয়ে তিনি হয়রানির শিকার হয়েছেন।
থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর রাত ৮টার দিকে শিমুল মিয়া শমশেরনগরে পাতাকুঁড়ি ক্ষুদ্রঋণ সংস্থার কার্যালয়ে গিয়ে তাঁর মায়ের সঞ্চয়ের হিসাব জানতে চান। এ সময় সংস্থার পক্ষ থেকে বিভিন্ন সময়ে ১০ হাজার, ১১ হাজার ও ১২ হাজার টাকা পাওনা থাকার কথা বলা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে ১২ হাজার টাকা দাবি করা হলে তাঁকে গালিগালাজ করা হয় বলে তাঁর অভিযোগ।
শিমুলের আরও অভিযোগ, একপর্যায়ে কার্যালয়ে থাকা সাত থেকে আটজন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলার চেষ্টা করেন। এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে পাতাকুঁড়ি ক্ষুদ্রঋণ সংস্থার দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক মুমিনুল হক বলেন, স্থানীয় ইউপি সদস্য মো. সানোয়ার হোসেনের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। তিনি জানান, শিমুলের মায়ের ঋণ ও সঞ্চয়সংক্রান্ত হিসাব সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তা বিস্তারিত জানতেন। তবে ওই কর্মকর্তা বর্তমানে অন্যত্র বদলি হয়েছেন। তাঁকে আবার কার্যালয়ে এনে সঞ্চয়ের হিসাব দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কমর উদ্দিন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’





