পঞ্চগড়ে তাপমাত্রা ১৬ ডিগ্রি
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৬, ৮:১৭:১১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা মিলতে শুরু করেছে। অক্টোবরের শেষ দিকে এসে রাতের তাপমাত্রা কমছে। দিনের বেলায় গরম থাকলেও সন্ধ্যার পর বদলে যাচ্ছে আবহাওয়া। বিশেষ করে শেষ রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা ও ঠান্ডা বাতাসে শীতের উপস্থিতি টের পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রোববার একই সময়ে তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে শূন্য দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সোমবার সকালে বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। অন্যদিকে রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩১ দশমিক ৯ ডিগ্রিতে। ফলে দিন ও রাতের তাপমাত্রার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য দেখা যাচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, সকাল থেকে রোদের কারণে দিনের বেশির ভাগ সময় গরম অনুভূত হচ্ছে। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই কমতে থাকে উষ্ণতা। রাতের শেষ ভাগে ঠান্ডার তীব্রতা তুলনামূলক বেশি থাকে। সেই সঙ্গে ভোরের কুয়াশা জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, এ অঞ্চলে তাপমাত্রা নিম্নমুখী রয়েছে। রাত ও সকালের দিকে কুয়াশার প্রবণতাও বাড়ছে। আগামী কয়েক দিনে পারদ আরও নামতে পারে। এতে শীতের অনুভূতি আরও স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।





