বটেশ্বরে নিষিদ্ধ ছাত্রলীগের আরেক নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৬, ৭:৪৪:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় আরেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শাহপরান থানাধীন বটেশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম প্রনয় সরকার জয় (২২)। সে বটেশ্বরের চূয়াবহর এলাকার সঞ্জয় সরকারের পুত্র।
সে সিলেট জেলা ছাত্রলীগের টিলাগড় গ্রুপের অ্যাডভোকেট রনজিত সরকারের অনুসারী এবং খাদিমপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
এসএমপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, শাহপরান থানায় ১০ নভেম্বর দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে প্রনয় সরকার জয়কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন এবং বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।





