ওসমানীনগরে হাইজিন কিট বিতরণে প্রতিমন্ত্রী হুমায়ুন: নারীর স্বাস্থ্য সুরক্ষা সুস্থ সমাজ গঠনের শর্ত
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৬, ৬:২৬:৩৯ অপরাহ্ন
নারীর স্বাস্থ্য সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনের অন্যতম শর্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, মাসিক স্বাস্থ্য নিয়ে সমাজে প্রচলিত কুসংস্কার, সংকোচ ও ভুল ধারণা দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শনিবার সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চবিদ্যালয় ও কলেজে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা পাইলট প্রকল্পের উদ্বোধন ও হাইজিন কিট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় শুধু হাইজিন কিট বিতরণ করলেই হবে না, পাশাপাশি তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বাড়াতে হবে। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা মুসলিম এইড ইউকে-এর বাংলাদেশ ফিল্ড অফিসের সার্বিক সহযোগিতায় এবং স্থানীয় সহযোগী সংস্থা রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা। মুসলিম এইডের প্রধান কার্যালয়ের প্রতিনিধি ও প্রধান পরিচালন কর্মকর্তা রাজিব হাসান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সৈয়দ তোহেল আহমেদ এবং মুসলিম এইড বাংলাদেশ ফিল্ড অফিসের কান্ট্রি ডিরেক্টর মুহসিন সিদ্দিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়া বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সমীতা বেগম মীরা। অনুষ্ঠান শেষে স্কুল ও কলেজের নারী শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১০০টি মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা কিট বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি




