মৌলভীবাজারে সড়কের ওপর ঝুঁকিপূর্ণ বিলবোর্ড
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৬, ৬:০৬:৩৩ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন স্থানে সড়কের ওপর ঝুঁকিপূর্ণভাবে স্থাপন করা হয়েছে বিশাল আকৃতির বিলবোর্ড। এসব বিলবোর্ডে নামিদামি সিমেন্ট কোম্পানির বিজ্ঞাপন প্রচার করা হলেও এগুলো পথচারী ও যানবাহনের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। যেকোনো সময় বিলবোর্ড ভেঙে পড়ে ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা।
সরেজমিনে দেখা যায়, শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার গুরুত্বপূর্ণ সড়কের মাঝখানে খুঁটি বসিয়ে নির্মাণ করা হয়েছে এসব বিলবোর্ড। একই চিত্র দেখা গেছে সদর উপজেলার শেরপুরসহ বিভিন্ন এলাকায়। স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপথ বিভাগের জায়গায় কীভাবে এবং কার অনুমতিতে এসব বিলবোর্ড স্থাপন করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ঝড়ো বাতাস কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিলবোর্ডগুলো ভেঙে যানবাহন বা পথচারীদের ওপর পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
দীর্ঘদিন ধরে এসব বিলবোর্ড স্থাপন করা হলেও বিষয়টি সড়ক ও জনপথ বিভাগ জানে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ছাড়া নামিদামি সিমেন্ট কোম্পানির বিজ্ঞাপন প্রচার করে কারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
স্থানীয়রা দ্রুত ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণ, বিষয়টি তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সড়কগুলো নিরাপদ ও চলাচল উপযোগী করে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ‘কে বা কারা জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে এসব বিলবোর্ড স্থাপন করেছে, তা আমাদের জানা নেই। তদন্ত করে সেগুলো অপসারণসহ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’





