পেনাংয়ে ৫ শতাধিক বাংলাদেশিকে কনস্যুলার সেবা হাইকমিশনের
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৬, ৬:২৭:২৭ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার পেনাং রাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ও বিভিন্ন কনস্যুলার সেবা দিতে দুই দিনব্যাপী বিশেষ ক্যাম্প পরিচালনা করেছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। এ ক্যাম্পে পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশিকে বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়েছে।
২১ ও ২২ নভেম্বর পেনাংয়ের সিভিল মিনি ট্রান্সফার (সিবিএল মানি ট্রান্সফার) কেন্দ্রে এ বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল ক্যাম্প পরিচালনা করে। এতে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ ও পাসপোর্ট বিতরণের পাশাপাশি ভ্রমণ অনুমতিপত্র (ট্রাভেল পারমিট), পাসপোর্টের তথ্য সংশোধনসংক্রান্ত পত্র এবং পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য উপস্থাপনের জন্য প্রয়োজনীয় পরিচিতিমূলক পত্রসহ বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হয়। এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র ও সেবা গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়।
পেনাংসহ আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশিদের কুয়ালালামপুরে না গিয়ে কাছাকাছি স্থানে পাসপোর্ট ও প্রয়োজনীয় কনস্যুলার সেবা প্রদানের সুযোগ তৈরি করাই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য। এর ফলে প্রবাসীদের সময় ও যাতায়াত খরচ সাশ্রয়ের পাশাপাশি জরুরি পাসপোর্টসংক্রান্ত কাজ সম্পন্ন করা সহজ হয়েছে।
ক্যাম্প চলাকালে হাইকমিশনের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় বৈধভাবে বসবাস ও কাজ করার বিষয়ে সচেতন করা হয়। একই সঙ্গে অনিয়মিত অভিবাসন পরিহার, দেশটির প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলা এবং স্থানীয় রীতিনীতি ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেওয়া হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় পাসপোর্ট ও জরুরি কনস্যুলার সেবা পৌঁছে দিতে এ ধরনের বিশেষ ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি প্রবাসীদের মধ্যে আইন মেনে চলার সচেতনতা বৃদ্ধিতেও এ উদ্যোগ সহায়ক হবে।



