কুলাউড়ায় কেটিএফের মেধাবৃত্তি পরীক্ষা
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৬, ৬:১০:৩৩ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় কিন্ডার গার্টেন টিচার্স ফোরামের (কেটিএফ) উদ্যোগে দ্বিতীয়বারের মতো মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপজেলার কেটিএফভুক্ত ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৮০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা নিয়ন্ত্রক ও উপদেষ্টা মো. আবুল মনসুর, সভাপতি সুজিত দেব এবং সাধারণ সম্পাদক বাবুল আহমদ জানান, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটানোর লক্ষ্যে ২০২৫ সালে এ বৃত্তি কার্যক্রম শুরু হয়। প্রথমবার শুধু পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিলেও এবার চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা বলেন, শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি, আত্মবিশ্বাস বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী বছরগুলোতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
পরীক্ষা চলাকালে বিভিন্ন শ্রেণিকক্ষ ও কেন্দ্র পরিদর্শন করেন নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, কেটিএফ উপদেষ্টা ও রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সালাম এবং চিকিৎসক হেমন্ত চন্দ্র পাল প্রমুখ।




