প্রবাসী বুরহান উদ্দিন শফি হত্যা : বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা পরিবারের
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৬, ৬:০৮:৩৮ অপরাহ্ন

যুক্তরাজ্যপ্রবাসী সিলেট নগরের চৌকিদেখী এলাকার বাসিন্দা শাহ বুরহান উদ্দিন শফি হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে তাঁর পরিবার। এ জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন স্বজনরা। রোববার সিলেট নগরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন তাঁদের মা জাহানারা বেগম, যুক্তরাজ্যপ্রবাসী বড় ভাই শাহ সালাহ উদ্দিন মিছবাহ ও আনসার মিয়া, চাচা আমির হোসেন ও হিরা মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
লিখিত বক্তব্যে শাহ আছমা জাহান জানান, গত ২৮ জানুয়ারি যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তাঁর বড় ভাই শাহ বুরহান উদ্দিন শফি। ৩০ জানুয়ারি চৌকিদেখী ১ নম্বর গলির নিজ বাসা থেকে কুলাউড়ায় যাওয়ার কথা বলে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরদিন ৩১ জানুয়ারি এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। নিখোঁজের চার দিন পর ৩ ফেব্রুয়ারি জকিগঞ্জের একটি হাওর থেকে পুলিশ তাঁর ভাইয়ের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তিনি বাদী হয়ে জকিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তে গত ২০ ফেব্রুয়ারি প্রধান আসামি ওসমানীনগরের উছমানপুর গ্রামের সৈয়দ মহিবুর ছামাদ ওরফে শাহীনের ছেলে সৈয়দ মেহরাজ উজ সামাদ ওরফে শোভন, দ্বিতীয় আসামি জকিগঞ্জের ইলাবাজ গ্রামের আব্দুস সামাদ দুলনের ছেলে মো. সাব্বির আহমদ এবং চতুর্থ আসামি ঘেচুয়া গ্রামের আব্দুল হকের ছেলে তাহিরুল হককে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে।
এছাড়া দীর্ঘ নয় মাস পলাতক থাকার পর মামলার অন্যতম আসামি জকিগঞ্জের গঙ্গাজল গ্রামের মো. আব্দুছ ছাত্তারের ছেলে আব্দুল মুহিত মায়েদ গত ৩ নভেম্বর জকিগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ফলে এজাহারভুক্ত পলাতক আসামিদেরও আইনের আওতায় আনা সম্ভব হয়েছে বলে জানান শাহ আছমা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। তদন্ত ও বিচারিক কার্যক্রমে কোনো ধরনের প্রভাব, চাপ কিংবা দীর্ঘসূত্রতা যেন বাধা হয়ে না দাঁড়ায়, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম তদারকির আবেদন জানান তিনি। এ ছাড়া সিলেট-১ আসনের সংসদ সদস্য ও শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম কয়সর আহমদের সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি





