বার্মিংহামে তৃতীয় বাংলার নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ৯:২২:৩৪ অপরাহ্ন

প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও কমিউনিটির কণ্ঠ তুলে ধরার প্রত্যয় নিয়ে যুক্তরাজ্যের অনলাইন গণমাধ্যম তৃতীয় বাংলার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে গত ২৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বার্মিংহাম নগরীর একটি কনভেনশন হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাংবাদিকতা, গণমাধ্যমের সামাজিক দায়বদ্ধতা এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন বিষয় নিয়ে প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সমাজ, সংস্কৃতি, সাংবাদিকতা, গণমাধ্যম ও ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ সাতজন বিশিষ্ট ব্যক্তি ও একটি ক্রীড়া সংগঠনকে ‘মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পদক’ প্রদান করা হয়।
তৃতীয় বাংলার সম্পাদকমণ্ডলীর সভাপতি ফয়সল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন তৃতীয় বাংলার ব্যবস্থাপনা সম্পাদক রেজাউল ইসলাম বিল্লাহ ও বার্তা সম্পাদক শাহ আলম সাকিব। মুর্শেদ জামান মাসুমের পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তৃতীয় বাংলার সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা লিমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের বার্মিংহামের সহকারী হাইকমিশনার সুজন দেবনাথ। এ ছাড়া বিভিন্ন পত্রিকার সম্পাদক, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, টেলিভিশন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং যুক্তরাজ্যের বিভিন্ন পর্যায়ের কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এবারের অনুষ্ঠানে মাওলানা ভাসানী পদকপ্রাপ্তরা হলেন, চলচ্চিত্র নির্মাতা মকবুল চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ মারুফ, কমিউনিটি ব্যক্তিত্ব এ কে এম কামরুজ্জামান চুন্নু, কমিউনিটি ব্যক্তিত্ব কমরেড মাসুদ আহমেদ, সাংবাদিক কাফি কামাল, কাউন্সিলর মমতাজ হুসাইন ও মিডিয়া ব্যক্তিত্ব ফয়সল আহমেদ। ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয় বার্মিংহাম রয়্যালস স্পোর্টস ক্লাবকে। বিজ্ঞপ্তি




