বিএসএফের পুশইন অব্যাহত : বড়লেখা সীমান্তে আটক দুইজনকে থানায় সোপর্দ
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৫, ৬:৪১:২৬ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি:
বড়লেখার নিউ পাল্লাথল সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন অব্যাহত রয়েছে। শনিবার ভোরে ১০ জনকে পুশইনের পর রোববার ভোরে আরো দুই বাংলাদেশি অবৈধ নাগরিককে পুশইন করেছে বিএসএফ। তবে, বিজিবির টহল বাহিনী তাদের আটক করে পরিচয় শনাক্তের পর বিকেলে থানায় সোপর্দ করেছে।
রোববার ভোরে বিএসএফের পুশইনকৃত বিজিবির হাতে আটক বাংলাদেশি নাগরিকরা হলেন- বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার পূর্ব আমতলী গ্রামের আবুল কাশেম হাওলাদারের ছেলে মো. শহিদুল ইসলাম (৫৫) ও গাজীপুর জেলার বোর্ডবাজার গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে নার্গিস আক্তার (৪৩)। এরা দীর্ঘ আগে কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে গমণ করেছিল।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, নিউ পাল্লাথল বিওপি এলাকা থেকে বিজিবির টহল দল দুই ব্যক্তিকে আটক করে। তার অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। পরিচয় শনাক্তের পর শনিবার বিকেলে তাদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।
ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, শনিবার বিকেলে জিডি মুলে বিজিবি দুই ব্যক্তিকে থানায় সোপর্দ করেছে। এদের পরিবারের সাথে যোগাযোগ চলছে। স্বজনরা এসে জিম্মায় নিলে তাদের ছেড়ে দেওয়া হবে।






