রাসুলের আদর্শ ধারন করে দেশকে এগিয়ে নিতে হবে: মৌলভীবাজার জেলা প্রশাসক
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৫, ৬:৪৫:২৪ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন বলেছেন, মাদ্রাসার ছাত্রদের লেখাপড়ায় মনযোগী হয়ে আরও সামনে এগিয়ে যেতে হবে। কোরআন হাদিসের মাধ্যমে নিজের চরিত্র গঠন করে দেশ ও জাতির জন্য কাজ করতে হবে।
সোমবার মৌলভীবাজার জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, রাসুল (সাঃ) এর আদর্শ ছাড়া অন্য কোন আদর্শে কল্যাণ নাই। সুতরাং আমাদের সর্বাবস্থায় রাসুলের আদর্শ ধারন করে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, আজ মাদ্রাসার ছাত্ররা কলেজ বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করছে। আমাদের আরো পড়াশোনা করতে হবে। সাহাবীগণ অর্ধ পৃথিবী শাসন করেছেন, আবার পরকালের জন্য নিজেকে তৈরি করেছেন। আমাদের সে পথ অনুসরণ করে এগিয়ে যেতে হবে।
মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা শেখ মোঃ আব্দুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন, জামেয়ার ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মোঃ সায়েদ আলী, জামেয়ার চেয়ারম্যান মো আব্দুল মান্নান, এডভোকেট মোস্তাক আহমদ মম, আহমেদ ফারুক, মাওলানা আব্দুল সোবহান খান, আজিজ আহমদ কিবরিয়া, হাফিজ তাজুল ইসলাম, আব্দুল কুদ্দুছ নোমান, জাহিদুর রহমান, বদরুল ওয়াহিদ ও মোঃ ফখরুল ইসলাম প্রমুখ।






