বড়লেখায় দিনদুপুরে টাকা ও স্বর্ণালংকার ছিনতাই
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৫, ৭:১৭:৩০ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি:
বড়লেখায় দিনদুপুরে এক ব্যবসায়ী ও তার মেয়ের গলায় ধারালো অস্ত্র ধরে দুর্বৃত্তরা ২ লাখ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলিয়া গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।
জানা গেছে, বুধবার দুপুরে ব্যবসায়ী আব্দুল আহাদ খসরু তার মেয়ে সুহাদা বেগম ও ছেলে সিয়াম আহমদকে সঙ্গে নিয়ে বড়লেখা পৌরশহরের পূবালী ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে টাকা তোলে মোটরসাইকেলযোগে তারা বাড়ি ফিরছিলেন। এসময় দুটি মোটরসাইকেলে তিন দুবর্ৃৃত্ত তাদের পিছু নেয়। শিমুলিয়া গ্রামের রাস্তায় আতাউর রহমানের বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এসময় তারা খসরু ও তার মেয়ে সুহাদার গলায় ধারালো দা ধরে মেয়ের ভ্যানিটি ব্যাগে থাকা ২ লাখ টাকা, স্বর্ণের একটি চেইন, একটি আঙটি ও দুইটি মোবাইল ফোন ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।
ভুক্তভোগি ব্যবসায়ী আব্দুল আহাদ খসরু জানান, ছেলে ও মেয়েকে নিয়ে পূবালী ব্যাংক বড়লেখা শাখা থেকে ২ লাখ টাকা উত্তোলন করেন। টাকা তোলে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। শিমুলিয়া গ্রামের আতাউর রহমানের বাড়ির কাছাকাছি পৌঁছালে দুটি মোটরসাইকেলে তিন ছিনতাইকারী অস্ত্রের মুখে তাদের মোটরসাইকেল থামায়। পরে গলায় দা ধরে ভয়ভীতি দেখিয়ে ২ লাখ টাকা, একটি স্বর্ণের চেইন, একটি আঙটি ও দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ।






