দোয়ারায় সাংবাদিকদের কলম বিরতি
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৫, ৭:৫৬:১৪ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি: দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে পুলিশের সামনে পাথর দিয়ে থেতলে দেওয়ার প্রতিবাদ ও সন্ত্রাসীদের বিচার নিশ্চিতকরণে দিনব্যাপী কলম বিরতি কর্মসূচী পালন করেছে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা।
রোববার বিকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ের সামনে এই কলম বিরতি পালন করেন সাংবাদিকরা। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই কলম বিরতি চলে।
এসময় উপজেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি এম এ মোতালিব ভূইয়া, সদস্য দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি সোহেল মিয়া, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মো. মামুন মুন্সি, দৈনিক সংবাদ দিগন্তের প্রতিনিধি সানুর ওয়াদুদ সাগর, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ফারুক মিয়া, দৈনিক জাগ্রত মাতৃভূমি’র মারুফ খন্দকার, দৈনিক স্বদেশ বার্তার প্রতিনিধি জহিরুল ইসলাম সানি ও রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।






