আজ ৫৪তম জাতীয় সমবায় দিবস
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২৫, ৮:৩০:১৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : আজ ১ নভেম্বর, ৫৪তম জাতীয় সমবায় দিবস। বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হবে।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক পত্রে জানানো হয়েছে, দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, শ্রেষ্ঠ সমবায় সমিতি ও শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে ‘জাতীয় সমবায় পুরস্কার-২০২৪’ প্রদান ও জাতীয় দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, বর্তমান অর্ন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি, কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।






