জকিগঞ্জে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৯:৪৯ অপরাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে জকিগঞ্জ উপজেলায় বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম। সভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান।
সভায় আলোচ্য বিষয় ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করা। এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে বলেও জানান তিনি।
সভায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও ভোটগ্রহণকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে পারস্পরিক সহযোগিতা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।





