ইশতেহার বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : জামায়াত আমীর
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪০:২৭ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : জামায়াতে ইসলামী নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিরোধী দল হিসেবে আমরা আমাদের ইশতেহারের অঙ্গীকার পূরণে কাজ করে যাব। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জামায়াত আমীর দেশবাসীর উদ্দেশ্যে বলেন, নির্বাচনের আগে আমরা আপনাদের যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেসব বাস্তবায়নে আমরা অঙ্গীকারাবদ্ধ। প্রিয় দেশবাসী, আপনারা আমাদের পাশে ছিলেন, আমরাও ছিলাম। আগামীতেও আপনাদের পাশে থাকব। ইনশাআল্লাহ্।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, জনগণ ব্যাপক উৎসাহ নিয়ে ভোট দিয়েছে। কিন্তু ভোট গ্রহণের পরের অধ্যায়টা ছিল অস্পষ্ট। সেখানে বেশ কিছু অনিয়ম হয়েছে, এব্যাপারে আমরা কনসার্ন ব্যক্ত করেছি। সেগুলোকে আমরা একদিকে রেখেছি। সবকিছু রেখেও জনরায়কে সম্মান জানিয়ে আল্লাহর ওপর ভরসা করে এই সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
সংসদে নিজের ভূমিকা কী হবে-তা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দায়িত্বশীল বিরোধীদল হিসেবে আমরা দায়িত্ব পালন করব, ইনশাআল্লাহ। প্রত্যেকটি ন্যায়সঙ্গত ব্যাপারে আমাদের সহযোগিতা ও সমর্থন থাকবে। কিন্তু দেশ এবং জাতির ক্ষতি হলে অবশ্যই আমরা প্রতিবাদ করব। পবিত্র কোরআনের মূলনীতির ভিত্তিতেই আমাদের এই অবস্থান স্পষ্ট।
ডা. শফিকুর রহমান বলেন, সরকারি দল যদি আন্তরিকতার সঙ্গে উদ্যোগ গ্রহণ করে তাহলে জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবো। সরকারি এবং বিরোধী দল যদি দায়িত্বশীল আচরণ করি তাহলে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে। এসময় ১১ দলীয় জোটের নব-নির্বাচিত সংসদ সদস্যদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আগামীকাল থেকে দেশে নতুন ধারা সূচনা হবে। মতবিনিময় সভায় নবনির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে তিনি সংসদে দলীয় শৃঙ্খলা মেনে চলা এবং দেশ ও জনগণের স্বার্থে কাজ করার নির্দেশনা দেন। সভায় জামায়াতের কেন্দ্রীয় নেতারা এবং বিভিন্ন আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।




