গুণগত মান ঠিক রেখে দ্রুত উন্নয়ন কাজ সম্পন্নের নির্দেশ সিসিক প্রশাসকের
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৬, ৮:১০:১৮ অপরাহ্ন

গুণগত মান শতভাগ ঠিক রেখে যত দ্রুত সম্ভব উন্নয়ন কাজ সম্পন্ন করতে কর্মকর্তা ও ঠিকাদারদের নির্দেশ দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। রোববার দুপুরে নগরের বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন। তিনি বলেন, জনগণের প্রতিটি টাকার শতভাগ সদ্ব্যবহার হতে হবে। উন্নয়ন কাজের গুণগত মান অবশ্যই শতভাগ নিশ্চিত করতে হবে। উন্নয়ন কাজ যথাসময়ে সম্পন্ন না হলে জনগণের ভোগান্তিও বাড়ে। আমরা জনগণের ভোগান্তি বাড়াতে চাই না, স্বস্তি দিতে চাই। তাই উন্নয়ন কাজ অবশ্যই যথাসময়ে সম্পন্ন করতে হবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডের মেজরটিলা, মোহাম্মদপুর, শাহপরান গেট এলাকার উন্নয়ন কাজ পরিদর্শন এবং শাহপরাণ এলাকায় অবস্থিত সিসিকের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন। উন্নয়ন কাজ পরিদর্শনকালে আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, আমাদের কাছে নগরবাসীর প্রত্যাশা অনেক। আমরা নগরবাসীর প্রত্যাশা শতভাগ পূরণ করতে চাই। আমার এই স্বপ্ন পূরণে নগরবাসীরও সহযোগিতা লাগবে। নগরবাসীর সহযোগিতা ছাড়া পরিষ্কার-পরিচ্ছন্ন আধুনিক নগর গড়া শুধুমাত্র সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব নয়।
পরে প্রশাসক নগরীর কালেক্টরেট মসজিদের সম্মুখের পুলিশ বক্স পরির্দশন করেন। এ সময় তিনি সড়কে অটোরিকশা রেখে জনদুর্ভোগ সৃষ্টি না করতে অটোরিকশা শ্রমিকদের অনুরোধ করেন। নগরীর তালতলায় ফুটপাতের একটি ভাঙা স্ল্যাব দ্রুত নতুন স্ল্যাব বসাতে সিসিকের প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন। বিজ্ঞপ্তি






