মোগলাবাজারে ৩ বাইকচোর ও ছিনতাইকারী আটক
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৬, ৯:৩২:৪৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের মোগলাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে চিহ্নিত মোটরসাইকেল চোর ও ছিনতাইকারীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে জালালাবাদ থানাধিন গোপাল এলাকা থেকে চিহ্নিত মোটরসাইকেল চোর ও ছিনতাইকারী মো. ফয়েজ তালুকদার (৩৩) ও শিপলু আহমেদ (২৮) কে গ্রেফতার করে পুলিশ। পরে রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে দক্ষিণ সুরমা থানার বাবনা পয়েন্ট এলাকা থেকে মাইদুল (৩৭) নামের আরও একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— দক্ষিণ সুরমা থানাধিন সাধুরবাজার (বাবুল মিয়ার কলোনী) এলাকার ইসলাম উদ্দিন তালুকদারের পুত্র মো. ফয়েজ তালুকদার (৩৩), দক্ষিণ সুরমা থানাধিন খোজারখলা আবাসিক এলাকা (ব্লক-এ ১১২) এর আব্দুল হান্নানের পুত্র শিপলু আহমেদ (২৮) ও একই থানার বরইকান্দি (বাসা নং: মোহাম্মদী ডি-৫৮, ১নং রোড) এর মৃত দুদু মিয়ার পুত্র মাইদুল (৩৭)।
এসএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ফয়েজ তালুকদারের বিরুদ্ধে ১৭টি, শিপলু আহমেদের বিরুদ্ধে ১২টি এবং মাইদুলের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। এসব মামলার অধিকাংশই চুরি, ছিনতাই, দস্যুতা, মারামারি ও আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ সংক্রান্ত।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।




