জামায়াত সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায়: মাওলানা হাবিবুর রহমান
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৬, ৯:১০:৫৩ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী সমাজে সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায়। সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হলে সমাজ থেকে দুর্নীতি চির বিদায় নেবে। রাষ্ট্র হবে কল্যাণরাষ্ট্র এবং এর কর্মকর্তাগণ হবেন সেবক। তাই আগামী স্থানীয় সরকার নির্বাচনে সকল পদে জামায়াত নেতৃবৃন্দকে অংশ নিয়ে, বিজয়ী হয়ে জনগণের প্রকৃত সেবকের উদাহরণ পেশের মাধ্যমে গোটা জাতির দায়িত্ব গ্রহণের জন্য তৈরি হতে হবে।
তিনি আরো বলেন, সরকার অতীতের দুর্নীতির ধারাবাহিকতা চলমান রাখতে চায়, তাই তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। তারা রক্তের দাগ মুছে যাওয়ার আগেই ভুলে গেছে রক্তের উপর দিয়ে ক্ষমতায় আসার কথা। এজন্য তারা গার্মেন্টস এর ব্যবস্থাপককে ব্যাংকের গভর্নর বানিয়েছে। বেশিদিন দূরে নয়, জনগণ তাদের অধিকার আদায়ের জন্য জামায়াতকে টেনে ক্ষমতায় বসাবে।
তিনি শুক্রবার দুপুর ১২টার দিকে তাজপুর কদমতলাস্থ একটি ফুটবল ইনডোরে ওসমানীনগর উপজেলা জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ সোহরাব আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী আনহার মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন, সহকারী সেক্রেটারি সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান, শাফির আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি আব্দুল মুমিন, উছমানপুর ইউনিয়ন জামায়াতের আমীর মো. সায়েস্তা মিয়া ও তাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর জাহেদ আহমদ প্রমূখ।




