ভিয়েতনামে আলু রফতানির অনুমতি পেল বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৬, ৮:০৮:৫৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ভিয়েতনামে আলু রফতানির আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে বাংলাদেশ। ফলে দেশের আলুচাষী ও রফতানিকারকদের জন্য দ্বার উন্মুক্ত হলো দেশটির বাজার। এখন থেকে ভিয়েতনামে সরকারিভাবে আলু রফতানি করতে পারবে বাংলাদেশ। ভিয়েতনামের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় সম্প্রতি এ অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
ভিয়েতনামের বিধি অনুযায়ী, কোনো দেশ আলু রফতানি করতে চাইলে তাদের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ে নিবন্ধনসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। এরপর কর্তৃপক্ষ সেসব তথ্য যাচাই-বাছাই করে সন্তুষ্ট হলে অনুমোদন দেয়। হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে ২০২৫ সালের মে মাসে নিবন্ধন প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ। এ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ায় গতকাল থেকে বাংলাদেশ ভিয়েতনামে আলু রফতানির অনুমোদন পেল।
ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ‘এ অর্জন বাংলাদেশের আলু রফতানিকারকদের জন্য এক গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে স্থানীয় কৃষকরাও উপকৃত হবেন। ভিয়েতনামে আলুর ব্যাপক চাহিদা রয়েছে। এ রফতানি উদ্যোগ দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি হ্রাসেও সহায়ক হবে।’ রাষ্ট্রদূত আশাবাদ প্রকাশ করেন, এ অর্জন বাংলাদেশের অন্যান্য উদ্ভিদজাত পণ্য যেমন তিল ভিয়েতনামে রফতানির পথ সুগম করবে।




