সিলেটে ১১ দিনব্যাপী ‘শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা’ শুরু আজ
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৬, ১২:১০:১২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে আজ রোববার থেকে শুরু হতে যাচ্ছে ১১ দিনব্যাপী ‘শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা-২০২৬’। রোববার (৫ এপ্রিল) বিকেল ৪টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে উক্ত গ্রন্থমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। কমল সাহিত্য পরিষদ সিলেট আয়োজিত এই গ্রন্থমেলা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম।
মেলার উদ্বোধনী দিন রোববার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া মেলায় ৬ এপ্রিল সোমবার সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, ৭ এপ্রিল মঙ্গলবার বৃক্ষরোপণ কর্মসূচী, ৮ এপ্রিল বুধবার রচনা প্রতিযোগিতা, ৯ এপ্রিল বৃহস্পতিবার আবৃত্তি প্রতিযোগিতা, ১০ এপ্রিল শুক্রবার চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ১১ এপ্রিল শনিবার ব্লাড ক্যাম্পেইন, ১২ এপ্রিল রোববার ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, ১৪ এপ্রিল সোমবার বাংলা বর্ষবরণ অনুষ্ঠান এবং ১৫ এপ্রিল বিকেল ৪টায় সমাপনী ও পুরস্কার বিতরণীর মাধ্যমে গ্রন্থমেলার পরিসমাপ্তি ঘটবে। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের এই নাম্বারে (০১৭১২ ৩২৬০৯৯ – সাজু) যোগাযোগ করে নাম প্রতিযোগিতার বিস্তারিত জানতে ও রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
গ্রন্থমেলার ব্যাপারে কমল সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি সাজন আহমদ সাজু বলেন, সিলেটের রয়েছে সাহিত্য সংস্কৃতির সমৃদ্ধ ভাণ্ডার। সিলেটের সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এই গ্রন্থমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকলের সহযোগিতা ও অংশগ্রহণে গ্রন্থমেলাটি সফলভাবে সম্পন্ন হবে। মেলার মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্ম তুলে ধরতে বিশেষ উদ্যোগ নেয়া হচ্ছে।





