জৈন্তায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৬, ৯:১১:৩৯ অপরাহ্ন

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঐ দম্পতি বিভিন্ন স্থান হতে ইয়াবা ক্রয় করে স্থানীয় সেবনকারিদের কাছে বিক্রি করে আসছেন। নিয়মিত নজরদারির অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে দরবস্ত ছোটারী সেনগ্রাম এলাকায় নিজ বসতঘরে ইয়াবা ক্রয়-বিক্রয় করছে দুই ব্যক্তি। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ভোর ৩টা ৫০ মিনিটে ছোটারী সেনগ্রামে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে দুইজন। এ সময় পুলিশ ৫০ পিস ইয়াবা সহ ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন, উপজেলার দরবস্ত ছোটারী সেনগ্রামের মিন্নত উল্লাহ মন্টুর ছেলে কুদরত উল্লাহ (৪৫) ও তার স্ত্রী জাহেদা বেগম (৪০)।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আটককৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়।





