বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমীর
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২৬, ৭:৫৭:১৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: বিএনপি বিভিন্ন ইস্যুতে ফ্যাসিবাদী আচরণের পথে হাঁটা শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘গণতন্ত্রের কথা বললেও বাস্তবে দলটি বারবার ভিন্নমত দমন ও সংঘাতমুখী রাজনীতির দিকে ঝুঁকছে।’
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমীর শফিকুর রহমান, বিএনপি ক্ষমতায় গিয়ে নব্য ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে। সরকার মুখে জুলাইয়ের কথা বললেও কাজে অভ্যুত্থানের বিপরীতে অবস্থান নিয়েছে। গণভোটের রায় নিয়ে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে।
তিনি বলেন, ‘দেশের জনগণ দীর্ঘদিন ধরে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রত্যাশা করে আসছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণের অভাবে সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না।’
জামায়াত আমীর অভিযোগ করেন, ‘বিএনপি নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করতে গিয়ে বারবার সংঘাত ও অস্থিতিশীলতার পথ বেছে নিচ্ছে, যা গণতন্ত্রের জন্য ক্ষতিকর।’
তিনি আরও বলেন, ‘একটি টেকসই ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হলে সব দলেরই সহনশীলতা, সংলাপ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা করতে হবে।’ এ সময় বিরোধী মতকে দমন না করে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমীর বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। তিনি দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানান।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, জুলাই আবার ফিরে আসবে। তখন চূড়ান্তভাবে ফ্যাসিবাদ বিদায় হবে। সেই লড়াইয়ে জনগণের বিজয় হবে। আমরা সামনের সারিতে থেকে যুদ্ধ চালিয়ে যাবো। জনতার বিজয় হবে। আমরা আশাবাদী এ বাংলাদেশ পাল্টাবে। আমরা এই যুদ্ধেসংসদে এবং রাজপথে চলমান থাকবে। আমরা দেশবাসীকে মাঠে চাই। ব্যক্তিগত কোনো দাবি দাওয়া আমাদের নেই। সব দাবি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে।
এরআগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সঞ্চালনায় সকাল ১০টায় ক্বারী এনায়েত উল্লাহ সাইফি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। কোরআন তেলয়াওয়াতের অনুবাদ করেন শরীফ বায়জীদ মাহমুদ। ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী মশিউর রহমান।
সমাবেশে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ, জামায়াতের নায়েবে আমীরবৃন্দ, সহকারী সেক্রেটারি জেনারেলবৃন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যবৃন্দ, ঢাকা মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ, জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় ও মহানগরীর দায়িত্বশীলবৃন্দ, জামায়াতে ইসলামী ও ১১ দলের মাননীয় এমপিবৃন্দ এবং ডাকসু, জাকসু, চাকসু, জকসু, রাকসু নেতৃবৃন্দ। সমাবেশে সারা দেশ থেকে জুলাই শহীদ পরিবারের সদস্যরা যোগ দেন। এছাড়াও জুলাই আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারী দুই সহস্রাধিক জুলাইযোদ্ধাসহ কয়েক হাজার জুলাইযোদ্ধা সমাবেশে যোগ দেন।





