মরণব্যাধী জলাতঙ্ক : টিকার মজুত নিয়ে ধোঁয়াশা
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০২৬, ৯:০৭:৩৭ অপরাহ্ন
জালালাবাদ রিপোর্ট : বাংলাদেশে যখন হামের প্রাদুর্ভাবে একের পর এক শিশু মৃত্যুর ঘটনা ঘটছে, তখন দেশটিতে জলাতঙ্কের টিকার সংকট নিয়ে সেভাবে আলোচনা নেই। কিন্তু জলাতঙ্কও একটি মরণব্যাধি যেখানে মৃত্যুর হার শতভাগ।
একদিকে যখন সরকারি হাসপাতালগুলোতে জলাতঙ্কের টিকার সংকট, তখন সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় থাকা হামসহ অন্যান্য টিকার মজুত কতটা আছে তা নিয়েও প্রশ্ন উঠছে। যদিও স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে জলাতঙ্কসহ কোনো টিকারই সংকট নেই। তবে বাস্তবতা ভিন্ন বলেই খবর পাওয়া যাচ্ছে। জলাতঙ্কের টিকা মূলত দেয়া হয় কুকুর বা বিড়ালের আঁচড় বা কামড় খেলে।
জলাতঙ্কের দুটি টিকা রয়েছে। একটি হচ্ছে এআরভি বা অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন। এটি শরীরকে নিজস্ব অ্যান্টিবডি তৈরি করতে উদ্দীপিত করে এবং দীর্ঘস্থায়ী সুরক্ষা দেয়।
অন্য ভ্যাকসিনটি হচ্ছে আরআইজি বা র্যাবিস ইমিউনোগ্লোবুলিন। এতে আগে থেকে তৈরি অ্যান্টিবডি থাকে, যা কামড় খাওয়া মানুষের দেহে সরাসরি ভাইরাসের বিরুদ্ধে তাৎক্ষণিক সুরক্ষা দেয়। কুকরের কামড় একটু বেশি ক্ষত তৈরি করলে আরআইজি ভ্যাকসিন দেয়া হয়।
বাংলাদেশে এই দ্বিতীয় ধরনের ভ্যাকসিনেরই তীব্র সংকট রয়েছে। কারণ সরকারিভাবে এটির কোনো সরবরাহ নেই।
হাসপাতাল সংশ্লিষ্টরা জানাচ্ছেন, প্রতিদিন গড়ে ৩০ জন মানুষে বিড়াল কিংবা কুকুরের কামড় খেয়ে হাসপাতালে আসেন টিকা নিতে। কিন্তু সরকারি টিকা সেভাবে পান না। বিশেষ করে বিড়ালের ক্ষেত্রে কোনো টিকাই দেয়া হয় না।
কারণ খুঁজতে গিয়ে দুটি তথ্য জানা গেলো। এক. ঢাকা থেকেই এখন আর সরকার কোনো টিকা সরবরাহ করছে না।
দুই. হাসপাতালগুলোকে বলা হয়েছে নিজস্ব ফান্ড থেকে নিজ উদ্যোগে টিকা কিনতে। কিন্তু আলাদা বাজেট না থাকায় হাসপাতালগুলো সেভাবে টিকা কিনতে পারছে না।
টিকার ‘বাফার স্টক’ নেই ঢাকায় :
জলাতঙ্কের টিকা থেকে এবার নজর দেয়া যাক সরকারের টিকা কার্যক্রমের মূল উদ্যোগ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআইয়ের টিকা পরিস্থিতিতে।
ইপিআইয়ের অধীনে হামের টিকার সংকটের কারণে ইতোমধ্যেই হাম ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই শিশুমৃত্যুর ঘটনা ঘটছে।
এরমধ্যেই জরুরী ভিত্তিতে হামের টিকা আনতে পারায় সারাদেশে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে সরকার। কিন্তু ইপিআইয়ের অধীনে থাকা ৯টি টিকার যে সামগ্রিক মজুত, সেখানে ঘাটতি আছে।
পরিস্থিতি বুঝতে মঙ্গলবার ঢাকার মহাখালীতে ইপিআই অফিসে গিয়ে দেখা যায়, অফিস প্রাঙ্গণে বেশ কয়েকটি টিকা পরিবহনের ট্রাক ঠাঁয় দাড়িয়ে আছে।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক পরিবহন সংশ্লিষ্ট একজন কর্মী বিবিসিকে জানালেন, এই কেন্দ্রীয় গুদামে ‘টিকার স্টক নেই’।
বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে ইপিআই কার্যালয়ের কর্মকর্তারা প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে নাম-পরিচয় প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা স্বীকার করেন, টিকার মজুত শেষ।
তিনি বলেন, নিয়ম হচ্ছে, সারাদেশে টিকার যে চাহিদা আছে সেগুলো সরবরাহ করতে হবে। কিন্তু এগুলো বাদ দিয়েও অন্তত তিন মাসের আলাদা স্টক রাখতে হবে। এটাকে আমরা বলি ‘বাফার স্টক’। এই বাফার স্টকটা নেই।”
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সহকারী পরিচালক হাসানুল মাহমুদ বিবিসিকে বলেন, সমস্যা আছে। কিন্তু এই সমস্যা থাকবে না। আমরা প্রকিউরমেন্টে চলে গিয়েছি। আশা করছি আগামী মাসেই টিকা চলে আসবে।
ইপিআইয়ের অধীনে ৯টি টিকা দেয়া হয়। এর মধ্যে যক্ষা প্রতিরোধে দেয়া হয় বিসিজি টিকা, ওপিভি টিকা দেওয়া হয় পোলিও প্রতিরোধে, নিউমোনিয়া প্রতিরোধে দেওয়া হয় পিসিভি টিকা, হাম ও রুবেলা রোগ প্রতিরোধে এমআর টিকা এবং টাইফয়েড প্রতিরোধে দেয়া হয় টিসিভি টিকা দেওয়া হয়।
সব মিলিয়ে ৯টি টিকার মধ্যে বেশ কয়েকটি টিকার মজুত একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে। একটি মাত্র টিকার মজুত আছে ডিসেম্বর মাস পর্যন্ত। কিন্তু সামগ্রিকভাবে টিকার বিশেষ মজুত না থাকার অর্থ কী? এটা কি কোনো ঝুঁকির কারণ?
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বে-নজীর আহমেদ বলছেন, বাফার স্টক না থাকাটা অবশ্যই ঝুঁকির।
ইপিআই অফিস সূত্রে যখন বাফার স্টক না থাকার তথ্য পাওয়া যাচ্ছে, তখন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অবশ্য সেটি নাকচ করছেন।
বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় বিবিসি বাংলার এ সংক্রান্ত প্রশ্নে তিনি দাবি করেন, টিকার কোনো সংকট নেই। আমাদের ছয় মাসের স্টক আছে। নয়টা ভ্যাকসিনের সবগুলোই আমাদের হাতে আছে। যক্ষার বিসিজি টিকাসহ সব টিকা আমাদের হাতে আছে। কোনো সমস্যা নেই। এ সময় জলাতঙ্কের টিকার ঘাটতি নিয়ে প্রশ্ন করা হলে স্বাস্থ্যমন্ত্রী সেটিও নাকচ করেন।
তিনি বলেন, জলাতঙ্কের টিকার একটা ক্রাইসিস হয়েছিলো। এটা আমরা মোকাবেলা করেছি।





