জকিগঞ্জে বিপুল ইয়াবাসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৬, ৮:৫৫:১৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জকিগঞ্জ উপজেলায় ইয়াবার বড় চালানসহ দুই যুবককে আটক করেছে পুলিশ| রোববার দিবাগত রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়| এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়|
সোমবার বিকেলে এর সত্যতা নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার|
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের বেউর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জকিগঞ্জ-সিলেট সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়| এসময় সন্দেহভাজন দুইজনকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হলে ইয়াবার চালান উদ্ধার করা হয়|
আটককৃতরা হলেন- জকিগঞ্জ উপজেলার দুপরিপাড় এলাকার সায়েব আলী ও পেয়ারা বেগমের ছেলে আলী আহমদ (২২) এবং ষাটশৌলা গ্রামের মৃত আলাউদ্দিন ও মিছবা বেগমের ছেলে নুরুল আমিন (২০)|
জেলা পুলিশের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে| আটককৃত দুইজনকে আদালতে সোপর্দ করা হয়েছে| মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে|




